শ্রীবরদীতে পলাতক ইউপি চেয়ারম্যানের অপসারণ দাবিতে মানববন্ধন
শেরপুরের শ্রীবরদীতে এক বছর ধরে পলাতক থাকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ জামাল ইসলাম আশিকের অপসারণের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা।
মঙ্গলবার দুপুরে উপজেলার গোশাইপুর ইউনিয়ন পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান আশিক দীর্ঘদিন ধরে পলাতক থাকায় ইউনিয়ন পরিষদের কার্যক্রম সম্পূর্ণভাবে স্থবির হয়ে পড়েছে। ফলে সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছেন মৌলিক সেবা থেকে।
বক্তারা আরও দাবি করেন, পলাতক থেকেও আশিক নিজস্ব প্রভাব খাটিয়ে অতিরিক্ত টাকার বিনিময়ে সীমিত কিছু কাজ করলেও ইউনিয়ন পরিষদ বাস্তবে অচল হয়ে আছে। তাই জনগণের সেবার স্বার্থে অবিলম্বে চেয়ারম্যান আশিককে অপসারণ করে প্রশাসক নিয়োগের দাবি জানান তারা।
চেয়ারম্যান আশিকের বক্তব্য জানতে একাধিকবার তার মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার জাহিদ জানিয়েছেন, চেয়ারম্যান আশিকের বিরুদ্ধে দুটি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে এবং খুব শিগগিরই তাকে গ্রেফতার করা হবে।
অন্যদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের হোসেন বলেন, চেয়ারম্যান আশিকের বিরুদ্ধে মামলা রয়েছে। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
একদিকে পলাতক চেয়ারম্যানের অনুপস্থিতিতে পরিষদের কার্যক্রম অচল হয়ে পড়েছে, অন্যদিকে স্থানীয়দের দাবি—অবিলম্বে অপসারণ করে প্রশাসক নিয়োগের মাধ্যমে ইউনিয়নের সেবা কার্যক্রম চালু করতে হবে।








আপনার মতামত লিখুন