নাটোরে ‘লাইফ ফর লাইফ’র উদ্যোগে বনজ ও ফলজ গাছ রোপণ ও বিতরণ
শ্রীনাটোরে ‘লাইফ ফর লাইফ’র উদ্যোগে বনজ ও ফলজ গাছ রোপণ ও বিতরণ
বাংলাদেশের পরিবেশ এখন নানা চ্যালেঞ্জের মুখোমুখি। বনভূমি কমছে, গ্রীষ্মের দাবদাহ বাড়ছে, ঝড়-ঝঞ্ঝার তীব্রতা বেড়েই চলছে। এই প্রেক্ষাপটে “পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি”—এ প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরে একটি অনন্য উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন লাইফ ফর লাইফ।
রবিবার (৩১ আগস্ট) সকালে নলডাঙ্গা উপজেলার জামতৈল এলাকায় গোরস্থান, মাদ্রাসা ও সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় গাছের চারা বিতরণ ও রোপণ কর্মসূচি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও সংগঠনের সভাপতি ড. আলাউদ্দিন। তিনি বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে চারা তুলে দেন। একইসঙ্গে বিদ্যালয় ও মাদ্রাসা প্রাঙ্গণে নিজ হাতে কয়েকটি গাছ রোপণ করে সবাইকে পরিবেশবান্ধব জীবনযাপনের আহ্বান জানান।
কর্মসূচিতে সংগঠনের সাধারণ সম্পাদক ও নাটোর প্রেসক্লাবের জুনিয়র সহ-সভাপতি, যুগান্তরের নাটোর প্রতিনিধি শহীদুল হক সরকার, বৈশাখী টিভির প্রতিনিধি ইসাহাক আলী, কোষাধ্যক্ষ নুরুল ইসলাম, অফিস সম্পাদক ও আমার দেশ পত্রিকার প্রতিনিধি আব্দুস সালাম উপস্থিত ছিলেন।
এছাড়াও অনুষ্ঠানে অংশ নেন ইসলামী চিন্তাবিদ ও টিভি ব্যক্তিত্ব আলহাজ্ব মাওলানা রুহুল আমিন জিহাদী, মাওলানা আব্দুল করিম নিজামী, স্থানীয় হাফেজিয়া মাদ্রাসা ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
৩৫০টি বনজ ও ফলজ গাছের চারা বিতরণ করা হয়। এর মধ্যে ছিল মেহেগুনি, নারিকেল, সুপারি, হরতকী, বহেরা প্রভৃতি গাছ। এসব চারা শিক্ষার্থী ও স্থানীয়দের হাতে তুলে দেওয়া হয়।
সংগঠনের নেতৃবৃন্দ বলেন, শুধুমাত্র গাছ লাগানোই যথেষ্ট নয়, সেগুলোর যত্ন নেওয়াও জরুরি। শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই গাছের প্রতি ভালোবাসা গড়ে তুলতে হবে। তাহলেই ভবিষ্যৎ প্রজন্ম একটি সুস্থ ও সবুজ বাংলাদেশ পাবে।
পরিকল্পিত বনায়ন শুধু পরিবেশ রক্ষার জন্য নয়, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তার জন্যও অপরিহার্য। নাটোরের জামতৈলে লাইফ ফর লাইফ-এর এই কার্যক্রম তাই শুধু একটি চারা বিতরণ অনুষ্ঠান নয়—বরং একটি সবুজ আগামী গড়ার প্রতিশ্রুতি।







আপনার মতামত লিখুন