নাটোরে স্বচ্ছ প্রক্রিয়ায় পুলিশে নিয়োগ পেলেন ২৪ জন প্রার্থী
নাটোর জেলার ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে সম্পূর্ণ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে ২৪ জন প্রার্থী চূড়ান্তভাবে নিয়োগ পেয়েছেন। ফেব্রুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দে শুরু হওয়া নিয়োগ কার্যক্রমের অংশ হিসেবে আজ ২২ মে ফলাফল প্রকাশ ও প্রাথমিকভাবে উত্তীর্ণ প্রার্থীদের নাম ঘোষণা করেন পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন, পিপিএম।
নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল, সিরাজগঞ্জ) মোঃ নাজরান রউফ এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি, বগুড়া) মোঃ আতোয়ার রহমান উপস্থিত ছিলেন।

নিয়োগপ্রাপ্ত প্রার্থীরা শারীরিক সহনশীলতা পরীক্ষা (PET), লিখিত পরীক্ষা, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এই নিয়োগ লাভ করেন। তারা সবাই নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরপেক্ষতায় সন্তোষ প্রকাশ করেছেন। নিয়োগপ্রাপ্তদের মধ্যে রয়েছে রিকশাচালক, কৃষক, শ্রমিক, দিনমজুর ও প্রবাসীদের সন্তান, যা সমাজের সব শ্রেণির অংশগ্রহণকে প্রতিফলিত করে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নাটোর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ইফতে খায়ের আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদা শারমিন নেলী, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মোঃ রুহুল আমিন লাবু এবং ওসি নাটোর সদর থানা জনাব মাহাবুর রহমানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।







আপনার মতামত লিখুন