খুঁজুন
শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ২৪ মাঘ, ১৪৩২

ভয়ঙ্কর বিষাক্ত আগাছা পার্থেনিয়াম লালপুরে ছড়িয়ে পড়েছে

লালপুর ( নাটোর) প্রতিনিধি:
প্রকাশিত: রবিবার, ১৫ জুন, ২০২৫, ৩:২৬ অপরাহ্ণ
ভয়ঙ্কর বিষাক্ত আগাছা পার্থেনিয়াম লালপুরে ছড়িয়ে পড়েছে

 

পার্থেনিয়াম একটি ভয়ঙ্কর বিষাক্ত আগাছার নাম। বৈজ্ঞানিক নাম পার্থেনিয়াম হিসটেরোফরাস। চন্দ্রমল্লিকা ফুল গাছের ন্যায় পাতা ও ধনিয়া ফুলের মতো ছোট সাদা ফুল বিশিষ্ট ক্ষতিকর বিষাক্ত এই আগাছাটি নাটোরের লালপুরে সর্বত্র ছড়িয়ে পড়েছে। রাস্তা ও রেললাইনের দু’পাশে, বাড়ির আঙিনা, পুকুর পাড়, আম বাগান, স্কুল-কলেজের আঙিনায় এমন কোনো পতিত জমি নেই, যেখানে পার্থেনিয়াম জন্মেনি। এসব স্থানে আগাছাটির ফুল আপাতদৃষ্টিতে নয়নাভিরাম হলেও পরিবেশ ও প্রাণীকুলের ওপর এর ক্ষতিকর প্রভাব অধিকাংশ মানুষের অজানা।
মানুষের ওপর পার্থেনিয়ামের ক্ষতিকর প্রভাব সম্পর্কে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মুনজুর রহমান সাংবাদিককে
বলেন, পার্থেনিয়ামের ফুলের রেণুতে ‘সেস্কুটার্পিন ল্যাকটোন’ জাতীয় বিষাক্ত পার্থেনিন থাকে যা ক্ষতস্থানে রক্তের সঙ্গে মিশে বিভিন্ন ধরনের চর্মরোগ (এক্সিমা, স্ক্যাবিক্স, এলার্জি) হতে পারে। ফুলের রেণু বা বীজ নাকে প্রবেশ করলে হাঁপানি, শ্বাসকষ্ট, জ্বর ও মাথাব্যথা হতে পারে। যাদের অ্যালার্জি রয়েছে তাদের শরীরে এর রস লাগলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা রয়েছে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল্লাহ বলেন, পার্থেনিয়াম এতটাই বিষাক্ত যে গরু-ছাগলের মতো গবাদিপশু এ আগাছা খেলে মুখে ও অন্ত্রে ঘা, ডায়রিয়া ও যকৃতে পচন রোগের প্রাদুর্ভাব হয়। দুধ উৎপাদন কমে যায়।
রাজশাহী কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. শরিফুল ইসলাম সাংবাদিক কে বলেন, বাংলাদেশে যে ১৭টি আগ্রাসী ও পরিবেশের জন্য ক্ষতিকর উদ্ভিদ রয়েছে তার মধ্যে পার্থেনিয়াম অন্যতম। ফসলের ক্ষেতে জন্মালে ফসলের অঙ্কুরোদগম ক্ষমতা ৪০% পর্যন্ত কমে যেতে পারে। বিষাক্ত এ আগাছাটি দ্রুত বিস্তার লাভ করতে পারে। একটি পার্থেনিয়াম ৪ মাসের জীবনচক্রে প্রায় ৩০ হাজার বীজ উৎপাদন করতে সক্ষম। এর বীজ বাতাসে ১০ কি.মি এলাকা পর্যন্ত ছড়াতে পারে।
স্থানীয়রা জানান, রাস্তা ও পতিত জমিতে প্রচুর পরিমাণে এ আগাছা জন্মে। তবে এটা যে পার্থেনিয়াম নামক বিষাক্ত আগাছা সেটি তারা জানেন না। তারা সেখানে গরু, মহিষ ও ছাগল চরান। অনেক সময় গবাদিপশুর ডায়রিয়া ও মুখে ঘা হয়। তাদের শরীরে চুলকানি ও এলার্জি হয়। কিন্তু তার কারণ জানা ছিল না।
এ বিষয়ে বিলমাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষক হেলাল উদ্দিন  বলেন, ৬-৭ বছর আগে উপজেলার কোথাও পার্থেনিয়াম গাছ চোখে না পড়লেও বর্তমানে সর্বত্র এই আগাছাটি ছড়িয়ে পড়েছে। আগাছাটি দমনে কৃষি অফিসকে দ্রুত পদক্ষেপ নেয়া প্রয়োজন বলে মনে করেন।
জানা যায়, ২০০৮ সালে পার্থেনিয়ামের তথ্য অনুসন্ধানে বাংলাদেশে আসেন অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক স্টিভ এডকিনস। তার সঙ্গে ছিলেন দেশের একদল কৃষিবিজ্ঞানী। সে সময় তারা যশোরে এ আগাছাটি প্রথম শনাক্ত করেন।
এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড়  বলেন, কৃষকদের এ বিষয়ে সচেতন করার কাজ চলছে। হাতে গ্লাভস, চোখে চশমা, গায়ে মোটা কাপড় ও পায়ে জুতা পরে আগাছাটি কেটে পুড়িয়ে অথবা মাটিতে পুঁতে ফেলতে হবে। এ ছাড়া প্রতি হেক্টর জমিতে ১-১.৫ কেজি আগাছানাশক মেট্রিবুজিন প্রয়োগ করা যায়। তবে এ সময় সতর্কতা অবলম্বন করতে হবে।

দুই দেশের এক সেতু বন্ধন

অস্ট্রেলিয়ান কলেজ অফ এগ্রিকালচার এন্ড হর্টিকালচারের সাথে এটিএন এডুকেশনের দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর

আব্দুল খালেক নান্নু
প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ৮:৩৫ অপরাহ্ণ
অস্ট্রেলিয়ান কলেজ অফ এগ্রিকালচার এন্ড হর্টিকালচারের সাথে এটিএন এডুকেশনের দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর

 

অস্ট্রেলিয়াতে বাংলাদেশীদের কৃষি বিষয়ের উপরে পড়াশোনার জন্য উদ্যোগ গ্রহণ করেছেন ,বাংলাদেশের প্রথম সারির স্বনামধন্য মাল্টি মিডিয়া প্রতিষ্ঠান এটিএন গ্রুপের একটি অঙ্গ প্রতিষ্ঠান এটিএন এডুকেশন এবং অস্ট্রেলিয়ান কলেজ অফ এগ্রিকালচার এন্ড হার্টিকালচার।

শুধু তাই নয় বাংলাদেশেও আন্তর্জাতিক মানের এমন একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এ বিষয়ে ২১ জানুয়ারি বুধবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত এটিএন গ্রুপের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমানের অফিস কক্ষে এক দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের শুরুতে এ বিষয় নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা করা হয়। এই চুক্তি স্বাক্ষর করেন এটিএন এডুকেশন এর চেয়ারম্যান ড, মাহফুজুর রহমান ও অস্ট্রেলিয়ান কলেজ অফ এগ্রিকালচার এন্ড হার্টিকালচার এর জেনারেল ম্যানেজার মিস্টার ব্রায়ান।

দ্বিপাক্ষিক এই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে শুরু হয় দুই দেশের মধ্যে একটি কৃষিভিত্তিক শিক্ষার সেতুবন্ধন।

এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এটিএন এমসিএল ও এটিএন এডুকেশনের সিইও সাজেদুর রহমান মুনিম,
এটিএন এডুকেশন এর এক্সিকিউটিভ ডিরেক্টর রোকসানা রিনি, ডিরেক্টর আনিসুর রহমান, ডিরেক্টর মোঃ মনিরুল ইসলাম প্রমুখ।

সবশেষে অস্ট্রেলিয়ান মিস্টার ব্রায়ান এটিএন গ্রুপের বিভিন্ন কর্মকর্তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

কানাডার টরেন্টোতে ৪ থেকে ৭সেপ্টেম্বর ৪দিন ব্যাপী

বাংলাদেশ থেকে শুভারম্ভন হলো ‘ফোবানার ৪০ তম বর্ষপূর্তি উৎসব আয়োজন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫, ৩:৫৭ অপরাহ্ণ
বাংলাদেশ থেকে শুভারম্ভন হলো ‘ফোবানার ৪০ তম বর্ষপূর্তি উৎসব আয়োজন

নিজস্ব প্রতিবেদক:

আমেরিকা এবং উত্তর আমেরিকার বাঙ্গালীদের প্রথম এবং জনপ্রিয় সংগঠন ফোবানা ফাউন্ডেশন, সংগঠনটির জন্মলগ্ন থেকেই বাংলাদেশের সর্বস্তরের স্বনামধন্য সব শিল্পী বৃন্দদের নিয়ে প্রতিবছরই জমকালো সব আয়োজন করে আসছে। তারই ধারাবাহিকতায় ফোবানার ৪০ তম বর্ষপূর্তিকে স্মরণীয় করে রাখতে কানাডার টরেন্টোতে ২০২৬ এর ৪ই সেপ্টেম্বর থেকে ৭ই সেপ্টেম্বর ৪দিন ব্যাপী বাংলাদেশী শিল্পী, ব্যবসায়ী এবং উদ্যোক্তাদের নিয়ে সম্মাননা প্রদান সহ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মেলার আয়োজন করতে যাচ্ছে।

অনুষ্ঠানটি উদযাপনের প্রাথমিক আলোচনার জন্য ফোবানা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি এবং বাংলাদেশ সোসাইটি এসসি – এর সভাপতি আবু জুবায়ের দারা এবং এটিএন এমসিএল এর ব্যবস্থাপনা পরিচালক সাজেদুর রহমান মুনিম ঢাকায় বনানীর ফিশমার্ট রেস্টুরেন্টে শিল্পী কলাকৌশলী এবং উদ্যোক্তাদের নিয়ে বিশেষ আলোচনার আয়োজন করেন।

এই আলোচনায সভায় উপস্থিত ছিলেন চলচ্চিত্র শিল্পী সমিতির সিনিয়র সহ-সভাপতি চিত্রনায়ক ডি এ তায়েব, এটিএন বাংলার ট্রান্সমিশন উপদেষ্টা তাসিক আহমেদ, বাংলাদেশের সোসাইটি এসসি- এর সহ-সভাপতি আহমেদুর রহমান,এটিএন এডুকেশন এর নির্বাহী পরিচালক রোকসানা আখতার রিনি, সঙ্গীত শিল্পী আখি আলমগীর, ইমরান, সালমা, এস আই সুমন, তামান্না হক, লগ্না, ডলি,চলচ্চিত্র অভিনেতা সুমন মাহমুদ, চলচ্চিত্র শিশু শিল্পী টুনটুনি, নৃত্যশিল্পী সোহেল, মডেল এবং উপস্থাপিকা সালসাবিল, কোরিওগ্রাফার লুনা, মডেল পিউ, চলচ্চিত্র প্রযোজক মাহবুবা শাহরীন, আয়োজনের পৃষ্ঠপোষকতা সম্পর্কিত আলোচনায় উপস্থিত ছিলেন অতিথি গ্রুপের পরিচালক নুরুন্নবী চৌধুরী, উদ্যোক্ত ও কনটেন্ট ক্রিয়েটর জাহাঙ্গীর আলম, নারী উদ্যোক্তা নাজমুন নাহার চৌধুরী, তানজিনা মিতু এবং ইসরাত ফারিবা।

ফোবানা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি এবং বাংলাদেশ সোসাইটি এসসি – এর সভাপতি আবু জুবায়ের দারা বলেন- ফোবানার ৪০ তম বর্ষপূর্তিকে স্মরণীয় করে রাখতে এবারের আয়োজন অতীতের সমগ্র আয়োজন হতে অন্যরকম এবং জাঁকজমক পূর্ণ হবে। যেখানে তিনি শিল্পী কলাকৌশলী, উদ্যোক্তা, গণমাধ্যম এবং পৃষ্ঠপোষকদের সহযোগিতা কামনা করেন।

এটিএন এমসিএল এর ব্যবস্থাপনা পরিচালক সাজেদুর রহমান মুনিম বলেন – এবারের আয়োজন খুব চ্যালেঞ্জিং, অতীতের মতো এবারও সকল চ্যালেঞ্জ উপেক্ষা করে একটি সফল অনুষ্ঠান উপহার দিতে পারবো ইনশাল্লাহ।

চলচ্চিত্র সমিতির সিনিয়র সহ-সভাপতি এবং চিত্রনায়ক ডি এ তায়েব বলেন – প্রবাসী বাঙ্গালীদের এই বৃহৎ মিলনমেলায় উপস্থিত থাকবো এটি অনেক আনন্দের। ৪০ তম ফোবানো উৎসবের ইভেন্ট পার্টনার এটিএন এমসিএল এবং মিডিয়া পার্টনার এটিএন বাংলা।

শিক্ষকদের কর্মসূচিতে পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫, ৩:৩৭ অপরাহ্ণ
শিক্ষকদের কর্মসূচিতে পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

বিভিন্ন দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে অবস্থারত শিক্ষকদের ওপর অ্যাকশনে গেছে পুলিশ। রোববার সকাল থেকে রাস্তা অবরোধ করে অবস্থানের এক পর্যায়ে দুপুর পৌনে দুইটার দিকে তাদেরকে সরিয়ে দিতে লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ। শিক্ষকদেরকে ধাওয়া দিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের নিয়ে যায়।

এসময় জাতীয় প্রেসক্লাব ও আশপাশের এলাকায় চরম উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। আতঙ্ক ছড়িয়ে পড়ে শিক্ষকদের মাঝে। তারা বিভিন্ন এলাকায় নিরাপদ আশ্রয়ে সরে পড়েন। প্রায় তিন ঘন্টা পর জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

এর আগে শিক্ষা উপদেষ্টার প্রতিশ্রুতি অনুযায়ী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য ২০ শতাংশ বাড়ি ভাড়া, দেড় হাজার টাকা মেডিকেল ভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারির দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচিতে নেমেছে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট।

সকাল ১০ টার পর জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে অবস্থান শুরু করেন শিক্ষকরা। সারা দেশ থেকে আসা ব্যাপক সংখ্যক শিক্ষকের অবস্থানের কারণে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এছাড়া জাতীয় প্রেসক্লাব, সচিবালয় ও মেট্রোরেলের প্রবেশ পথে সাধারণ মানুষের চলাচলও চরমভাবে বিঘ্ন হয়।

প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে বলে জোটের মহাসচিব দেলাওয়ার হোসেন আজিজী জানিয়েছেন। দাবি আদায়ে অবস্থান থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে লাগাতার কর্মবিরতির ঘোষণা আসতে পারে বলেও তিনি উল্লেখ করেন।

সংশ্লিষ্টরা জানান, এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের গত ১৩ আগস্ট জাতীয় প্রেসক্লাবের শিক্ষক সমাবেশে লক্ষাধিক শিক্ষক-কর্মচারী উপস্থিত ছিল। ওইদিন শিক্ষা উপদেষ্টা শিক্ষক নেতাদের সঙ্গে আলোচনায করে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেসিকের ২০ শতাংশ বাড়ি ভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা বৃদ্ধির প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু দীর্ঘ দুই মাস পার হলেও প্রজ্ঞাপন জারি না হওয়ায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা ক্ষুব্ধ হন।

সূত্রমতে, শিক্ষক-কর্মচারীদের আন্দোলনের মুখে নতুন করে বাড়িভাড়া ভাতা ও মেডিক্যাল ভাতার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে নতুন প্রস্তাবনা গত ৫ অক্টোবর অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়। এতে বাড়িভাড়া ২০ শতাংশ নির্ধারণে নতুন প্রস্তাব করা হয়। একইসঙ্গে কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশ এবং চিকিৎসা ভাতা এক হাজার টাকার প্রস্তাব করেন শিক্ষা উপদেষ্টা।

অস্ট্রেলিয়ান কলেজ অফ এগ্রিকালচার এন্ড হর্টিকালচারের সাথে এটিএন এডুকেশনের দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর বাংলাদেশ থেকে শুভারম্ভন হলো 'ফোবানার ৪০ তম বর্ষপূর্তি উৎসব আয়োজন শিক্ষকদের কর্মসূচিতে পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ এবার কোরিয়ান জনপ্রিয় ডল ‘লা বু বু’ এর মডেল হলেন "এডলফ খান" রাসূল (সা.)-এর আদর্শ ও শিক্ষা অনুসরণে আল্লাহর সন্তুষ্টি অর্জন সম্ভব নারায়ণগঞ্জ ‎জেলা প্রশাসকের স্কুল পরিদর্শন: শিক্ষার মানোন্নয়নে গুরুত্বারোপ সোনারগাঁয়ে ওস্তাদের শরীর মাসাজ না করায় রক্তাক্ত  মাদরাসা ছাত্র, থানায় অভিযোগ শেরপুর সরকারি কলেজে নবীনবরণ ও উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত রাকসু নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪২ জন নির্বাচিত সিরাজগঞ্জে পিতাকে হত্যার ঘটনায় পুত্রের মৃত্যুদণ্ড