তারেক রহমানের নেতৃত্বেই গড়বে বৈষম্যহীন নতুন বাংলাদেশ: ফারজানা শারমিন পুতুল
বিএনপির মিডিয়া সেলের সদস্য ও নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল বলেছেন, “তারেক রহমানের হাতেই গড়ে উঠবে নতুন বাংলাদেশ — একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক রাষ্ট্র।”
শনিবার (১৪ জুন) বিকেলে নাটোরের বাগাতিপাড়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এ মিলনমেলায় স্থানীয় নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোশাররফ হোসেন। উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য হাফিজুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নেকবর হোসেন, লালপুর উপজেলা বিএনপির সদস্য সচিব হারুনর রশিদ পাপ্পু, জামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রাব্বানী এবং বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

ফারজানা শারমিন পুতুল বলেন, “মানুষ আজ পরিবর্তন চায়। যে বাংলাদেশে থাকবে না রাজনৈতিক প্রতিহিংসা, থাকবে না ধনী-গরিবের বৈষম্য, যেখানে প্রতিটি নাগরিক পাবে সমান অধিকার—সেই বাংলাদেশই গড়বে বিএনপি।”
তিনি আরও বলেন, “নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের মানুষ যেমন ভালোবাসেন শহীদ রাষ্ট্রনায়ক জিয়াউর রহমানের আদর্শকে, ভালোবাসেন খালেদা জিয়াকে, এবং তারেক রহমানকে; তেমনি ভালোবাসেন মরহুম ফজলুর রহমান পটলকে। আমি তার কন্যা হিসেবে দৃঢ়তার সাথে বলতে চাই—এই আসনের উন্নয়ন বিএনপির হাত ধরেই হবে।”
অনুষ্ঠানের এক পর্যায়ে ভিডিও বার্তার মাধ্যমে বক্তব্য রাখেন প্রয়াত প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের পত্নী ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী অধ্যক্ষ কামরুন নাহার শিরিন। তিনি ঘোষণা দেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ আসনে বিএনপি থেকে ফারজানা শারমিন পুতুলকে মনোনয়ন দেওয়া হবে।”
অনুষ্ঠানজুড়ে ছিল ঈদের আনন্দ, রাজনৈতিক অঙ্গীকার এবং ঐক্যবদ্ধভাবে আগামীর পথচলা গড়ে তোলার দৃঢ় প্রত্যয়।








আপনার মতামত লিখুন