চট্টগ্রামে গণপূর্তের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে দুদকের অভিযান
চট্টগ্রামে গণপূর্ত বিভাগের
ডিভিশন-২ এর নির্বাহী প্রকৌশলী জহির রায়হানের বিরুদ্ধে টেন্ডার বাণিজ্য, অনিয়ম ও দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে চট্টগ্রামে গণপূর্ত অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গণপূর্তে কোটি কোটি টাকার টেন্ডার নিয়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ দীর্ঘ দিনের। কিন্তু যথাযথ পদক্ষেপের অভাবে ঠিকাদার ও নাগরিক মহলে ক্ষোভ তৈরি হয়েছে। যার গুঞ্জনে ব্যাপক সমালোচিত হয় সচেতন মহলে।
সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে জহির রায়হানের বিরুদ্ধে ঠিকাদারদের মানব বন্ধন ও নানা অভিযোগের সংবাদ প্রকাশিত হওয়ার পর বিষয়টি দুদকের নজরে আসে। অভিযোগ রয়েছে, টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম, কমিশন বাণিজ্য, কোড বিক্রি, একচেটিয়া নিয়ন্ত্রণ, এবং ঠিকাদারদের নিকট থেকে কমিশন সুবিধা না পেলে বিল পাশ করতে গড়িমসি ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে অর্থ আদায়ের চেষ্টা করে আসছিলেন তিনি।
দুদক সূত্রে জানা যায়, গত ২৯ জুন ২০২৫ সকাল ১১টায় দুদকের সহকারী পরিচালক সায়েদ আলমের নেতৃত্বে একটি টিম চট্টগ্রামের গণপূর্ত বিভাগের রহমতগঞ্জ এলাকায় অবস্থিত ডিভিশন-২ এ অভিযান চালায়। অভিযানের সময় নির্বাহী প্রকৌশলী জহির রায়হানের রুম তল্লাশি করা হয় এবং বিভিন্ন প্রকল্পের নথি, বিল, টেন্ডার সংক্রান্ত গুরুত্বপূর্ণ কাগজপত্র সংগ্রহ করা হয়।
দুদক সংশ্লিষ্ট একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, উদ্ধারকৃত নথিপত্র যাচাই-বাছাই করে প্রাথমিক অনুসন্ধান কার্যক্রম চালাচ্ছে কমিশন। তদন্ত শেষে কমিশনে প্রতিবেদন দাখিল করা হবে। অভিযোগের সত্যতা মিললে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, গত ১১ মে বাংলাদেশ ঠিকাদার সমিতির চট্টগ্রাম জোনের নেতৃবৃন্দ এক মানব বন্ধনে জহির রায়হান-কে অপসারণের দাবি জানান। বক্তারা অভিযোগ করেন, চট্টগ্রাম গণপূর্ত বিভাগের বিভিন্ন প্রকল্পে নানা দুর্নীতির অভিযোগ রয়েছে। তবে এবারের ঘটনায় দুদকের সক্রিয়তা ঠিকাদারদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে বলে মনে করছেন সচেতন মহল।
এ বিষয়ে গণপূর্ত বিভাগের ডিভিশন-২ এর নির্বাহী প্রকৌশলী জহির রায়হানের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।








আপনার মতামত লিখুন