ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
স্টাফ রিপোর্টার
র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে অভিনব কায়দায় পিকআপে লুকিয়ে রাখা ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
নওগাঁ জেলার বদলগাছী উপজেলার পয়নারী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, নওগাঁর মহাদেবপুর উপজেলার রহট্যা গ্রামের আকতার হোসেন বাবুর ছেলে মাদক ব্যবসায়ী মো. হানিফ (৩১) ও পত্নীতলা উপজেলার নাগরগোলা গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে আমিনুল ইসলাম (৩৫)।
র্যাব জানিয়েছে, নওগাঁ জেলার মহাদেবপুর এলাকা হতে মাদক ব্যবসায়ীরা একটি নীল রংয়ের পিকআপ যোগে মাদক ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে, এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্পের একটি আভিযানিক দল নওগাঁ জেলার বদলগাছী উপজেলার পয়নারী এলাকায় মহাসড়কে চেকপোস্ট বসায়। এ সময় ওই পিকআপ সেখানে পৌছুলে পিকআপটির গতিরোধ করে তল্লাশী চালিয়ে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৫৮ পিস ফেন্সিডিল উদ্ধার করে। এ ঘটনার জড়িত থাকার অপরাধে পিকআপ চালক হানিফ এবং মাদক ব্যবসায়ী আমিনুলকে গ্রেফতার করা হলেও কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় আরেক মাদক ব্যবসায়ী জুয়েল । জব্দ করা হয় মাদক বহনকারী পিকআপটি।
গ্রেফতারকৃত চিহ্নিত মাদক ব্যবসায়ী হানিফ এবং আমিনুল উভয়েই র্যাবের জিজ্ঞাসাবাদে অকপটে স্বীকার করেন, অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল বিক্রয়ের উদ্দেশ্যে পলাতক মোঃ জুয়েল রানা (৩৮) এর সক্রিয় সহযোগিতায় ঢাকায় নিয়ে যাচ্ছিল। তারা নওগাঁ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকাসহ নওগাঁর বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন- ২০১৮ অনুযায়ী নওগাঁ জেলার বদলগাছী থানায় একটি মামলা রুজু করা হয়েছে।








আপনার মতামত লিখুন