শোবিজ
‘জনপ্রিয়তার তুঙ্গে, তবুও নীরব থেকে যাচ্ছি’ : এডলফ খান
সাম্প্রতিক সময়ের আলোচিত নাম এডলফ খান। দেশের বিনোদন জগতে একের পর এক সফলতার মধ্য দিয়ে এগিয়ে চলা এই তারকা হঠাৎ করে বিভিন্ন অনলাইন মাধ্যমে এবং কিছু প্রথম সারির গণমাধ্যমে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত খবরের শিকার হয়েছেন।
এই প্রসঙ্গে নিজের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টে একটি আবেগঘন পোস্ট দিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন এডলফ খান। তিনি লেখেন, “এডলফ খানকে নিয়ে চমৎকার বাণিজ্য চলছে। আমাকে নিয়ে যে উন্মাদনা সৃষ্টি হয়েছে, তা আগে কখনো হয়নি। মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে আমার ব্যক্তিগত জীবন, পরিবার ও এমনকি অসুস্থ বাবাকে নিয়েও অপপ্রচার চালানো হচ্ছে।”
তিনি জানান, এ ধরনের ভিত্তিহীন প্রচারণা শুধু তার মানহানি করছে না, বরং দেশের গণমাধ্যমের নৈতিকতার প্রশ্নও সামনে এনে দিয়েছে। একটি জাতীয় টেলিভিশন চ্যানেলের বিরুদ্ধে তিনি সরাসরি অভিযোগ তোলেন, যাদের একটি রিপোর্ট তাকে বিকৃতভাবে উপস্থাপন করেছে।
“একটি নামী টিভি চ্যানেল মানহানিকর অপচেষ্টা চালিয়েছে, আমি বিষয়টি নজরে রেখেছি। বাবার অসুস্থতার কারণে এখনই আইনি পদক্ষেপ নিতে পারছি না, তবে প্রস্তুতি নিচ্ছি,” বলেন এডলফ।
তিনি আরও লেখেন, “আপনারা যারা ভিউ আর অর্থের আশায় মিথ্যা ছড়াচ্ছেন, মনে রাখবেন জনপ্রিয়তা যদি আমার অপরাধ হয়, তাহলে সেই অপরাধের দায় আপনাদের কাঁধেই থাকবে। তবুও আমি কাউকে কটু কথা বলবো না। বাবার সুস্থতা ছাড়া এই মুহূর্তে আমার আর কোনো চিন্তা নেই।”

এডলফ খানের এই প্রতিক্রিয়ায় তার ভক্ত-অনুরাগীরা ব্যাপকভাবে সংহতি প্রকাশ করেছেন। সোশ্যাল মিডিয়ায় তার পাশে দাঁড়িয়ে অনেকেই সমর্থন জানাচ্ছেন।
বিশেষজ্ঞদের মতে, তারকাদের বিরুদ্ধে এভাবে উদ্দেশ্যপ্রণোদিত ভিত্তিহীন প্রচার চালানো গণমাধ্যমের দায়িত্বজ্ঞানহীনতারই বহিঃপ্রকাশ। সাংবাদিকতা পেশার নৈতিকতা বজায় রাখতে হলে তথ্য যাচাই ও দায়িত্বশীলতা অপরিহার্য।
এককজন শিল্পী, একজন মানুষ এবং একজন সন্তান হিসেবে এডলফ খানের অবস্থান প্রশংসনীয় বলেই মনে করছেন নেটিজেনরা। তিনি যেখানে প্রতিশোধ না নিয়ে ধৈর্য, নৈতিকতা এবং পরিবারকে প্রাধান্য দিয়েছেন, সেখানেই অনেকের চোখে তিনি হয়ে উঠেছেন একজন সত্যিকারের আদর্শ তারকা।







আপনার মতামত লিখুন